
সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মাদকদ্রব্য।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারিসহ মোট ৫০৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে,
৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র
৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ
৯৫টি ককটেল
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ পরিস্থিতি নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ সময় সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৫৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৮৩৪ রাউন্ড গোলাবারুদ।