
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় আবুল খালেক (৫৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে যশোর–খুলনা মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। আহত আবুল খালেক অভয়নগর থানার প্রেমবাগ গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চেঙ্গুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবুল খালেক। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ট্রাকের ধাক্কায় আবুল খালেক ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। পরে আরিফ মোল্লা নামে এক পথচারী তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের মাথায় গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত ট্রাকটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।