
নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ সদস্যকে হাতকড়া পরিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা ঘটনাটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ সদস্য মোহাম্মদ মেহেদী হাসান ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। মেহেদী হাসান পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত এবং তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যটি প্রায়ই ওই প্রবাসীর বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে ওই বাড়িতে দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন গিয়ে ঘরে ঢুকে মেহেদী হাসান ও ওই প্রবাসীর স্ত্রীর আপত্তিকর অবস্থায় উপস্থিতি পান। এরপর তারা থানা পুলিশকে খবর দেন। আটক পুলিশ সদস্য মেহেদী হাসান জানান, ওই নারী তার আন্টি। তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তিনি ওই পরিবারের ছেলেকে প্রাইভেট পড়ান এবং মোবাইল নম্বর নিতে বাড়িতে এসেছিলেন। তবে স্থানীয়রা তাকে মারধর করে রশিতে বেঁধে রেখেছিল। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ঘটনা পুরোপুরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।