
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ভোট বর্জনের ইঙ্গিত দিয়েছে দলটি।
সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিপি।” বৈঠকে ইসির বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য যে নিরপেক্ষ পরিবেশ দরকার, তা মাঠে দেখা যাচ্ছে না। নির্বাচন এভাবে হলে দায় সরকারের ওপরই পড়বে। দলটির অভিযোগ, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে বিএনপির প্রার্থীদের ছাড় দেওয়া হলেও একই অভিযোগে এনসিপির প্রার্থীদের শোকজ করা হচ্ছে। এতে নির্বাচন কমিশনের ওপর আস্থা নষ্ট হয়েছে বলে দাবি তাদের। দলীয় সূত্র জানায়, দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ওপর চাপ অব্যাহত রাখবে এনসিপি। এদিকে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয়ভাবে ‘ক্রাউড ফান্ডিং’ শুরু করেছে দলটি। এনসিপির দাবি, এতে নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।