
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে একটি বৃহৎ স্টেজ নির্মাণ করে প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন। ওই সমাবেশে তিনি মাইকে রাজনৈতিক বক্তব্য দেন, যা নির্বাচন আচরণবিধিমালা-২০২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, একপর্যায়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’
এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরাও মারমুখী আচরণ করেন। এর ফলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রমে সরাসরি বাধা সৃষ্টি হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার নোটিশে আরও বলা হয়, এ ধরনের আচরণ নির্বাচন আচরণবিধির চরম লঙ্ঘন। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য আসন ছেড়ে দিয়েছে। এ আসনে বিএনপির সমর্থনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে অংশ নিচ্ছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে।