
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জে একটি হাওর থেকে লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৯)-এর আগুনে পোড়া এবং গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা মরদেহটি হাওরে পড়ে থাকতে দেখার পর জানায়, ঘটনাস্থলে মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও ছিল, যা হত্যাকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে। নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। দেশে অবস্থানকালে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে সিলেট এয়ারপোর্ট থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।