
নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন মধুগ্রাম এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মারুফ হোসেন (২৭) মধুগ্রাম এলাকার বাসিন্দা এবং হারুন অর রশিদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল জানতে পারে যে মারুফ দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে মারুফের হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, মারুফ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি এবং চাঁদাবাজিসহ নানা অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে র্যাব।