নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক বিএনপি কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিন শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করায় এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অমান্য করে সেখানে ব্যাপক লোকসমাগমের মধ্যে খাবারের আয়োজন করা হয়, যা নির্বাচনী আইন অনুযায়ী নিষিদ্ধ।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচনী সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।