
যশোর প্রতিনিধি
যশোর: শার্শার বাগআঁচড়া এলাকায় সিম বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষ টেলিকম কোম্পানির কর্মীদের হামলায় গ্রামীণফোন কর্মী সাগর (৩৪) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
আহত সাগর বাগআঁচড়া গ্রামের মৃত শহীদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সাগর গ্রামীণফোনের সিম বিতরণ করছিলেন। এসময় রবি কোম্পানির অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা সাগরের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাগরের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।