বিনোদন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন একসময় শোবিজ অঙ্গনে কম আলোচনার জন্ম দেয়নি। বড় পর্দায় মাত্র একটি সিনেমা ‘শাহেনশাহ’-তে জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে তোলে। অনেকের মনেই প্রশ্ন জাগে—তবে কি শাকিব খানের সঙ্গে গোপনে প্রেমে জড়িয়েছিলেন নুসরাত ফারিয়া?
অবশেষে সেই বহুদিনের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নায়িকা নিজেই। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টি সরাসরি অস্বীকার করেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। একসঙ্গে সিনেমা, বিজ্ঞাপন ও স্টেজ শোতে কাজ করলেও ব্যক্তিগত কোনো সম্পর্ক কখনোই ছিল না।
ফারিয়ার ভাষায়, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি, সেটুকুই।” তার এই স্পষ্ট বক্তব্যে দীর্ঘদিন ধরে চলা শাকিব-ফারিয়া প্রেমের গুঞ্জনে কার্যত ইতি টানলেন তিনি।
‘শাহেনশাহ’ সিনেমার পর কেন এই জনপ্রিয় জুটিকে আর বড় পর্দায় দেখা যায়নি—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। তিনি বলেন, একবার শাকিব খানকেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তখন শাকিব বলেছিলেন, তাদের আবার একসঙ্গে কাজ করা উচিত। তবে সময়, গল্প ও পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি। বর্তমানে শাকিব নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
পডকাস্টে শাকিব প্রসঙ্গের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের কথাও তুলে ধরেন নুসরাত ফারিয়া। বিশেষ করে জীবনের এক কঠিন সময়ে দুই দিনের কারাবন্দি থাকার অভিজ্ঞতার কথাও তিনি অকপটে শেয়ার করেন, যা শুনে অনেক শ্রতাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সব মিলিয়ে, বহুদিনের আলোচিত প্রেমের গুঞ্জন নিয়ে নুসরাত ফারিয়ার এই খোলামেলা বক্তব্য শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।