
নিজস্ব প্রতিবেদক
যশোর: যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামে বিএনপি নেতার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর ও ফসল লুটের ঘটনা ঘটিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার এই হামলা চালানো হয়।
চাঁদড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম সংবাদ সম্মেলনে জানান, কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে প্রায় ৫০–৬০ জন সশস্ত্র লোক তার বাড়িতে ঢুকে হামলা চালায়।
হামলাকারীরা ভাঙচুর করে বসতঘর, দুই বিঘা জমির সরিষা ক্ষেত কেটে আলমসাধু ও ভ্যানযোগে লুট করে নিয়ে যায়। এছাড়া বসতভিটার আশপাশে লাগানো ১০টি শিশু গাছ, ৫টি মেহগনি গাছ, ১০টি নারিকেল গাছ এবং প্রায় ১০০টি বাঁশ কেটে নেওয়া হয়। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নূর ইসলাম আরও জানান, বাধা দিতে গেলে আবুল কাশেম ও তার সহযোগীরা পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালায়। এতে ১০–১২ জন নারী আহত হন, যাদের মধ্যে দু’জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে এবং অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর ইসলামের পুত্রবধূ নার্গিস, ভাই মুনতাজ, ভাইয়ের স্ত্রী কমলা এবং মুনতাজের পুত্রবধূ মৌসুমি।
অভিযুক্ত বিএনপি নেতা আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।