
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসসাদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা-বোনকে বেইজ্জতিমূলক কথাবার্তা বলতেছে; এই দলটিকে ১২ তারিখে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ।”
ভিডিওটি ৪৪ সেকেন্ড দীর্ঘ এবং স্থানীয়ভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দেবীগঞ্জ এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, আসসাদ আলী এই সময় ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। এছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামন জানান, “প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার নিয়োগ এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক তালিকায় আসসাদ আলীর নাম থাকলেও চূড়ান্তভাবে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব এখনো পাওয়া হয়নি।”
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত ২৭ জানুয়ারির তালিকায় সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণে ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম রয়েছে।
এ বিষয়ে প্রতিবেদনকারীর ফোন কল রিসিভ না করায় আসসাদ আলীর মন্তব্য নিশ্চিত করা যায়নি। ইউএনওর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করা হয়নি।