নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। যাচাই-বাছাই শেষে গত ১৭ জানুয়ারি বিকেলে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হলেও তা খারিজ হয়। পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হলে রোববার তা খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।
আইনজীবীরা জানান, আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ হওয়ায় আইনগতভাবে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না।
এ ঘটনায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।