
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে মিথ্যা মামলায় আসাদুজ্জামান জনিকে ‘শো অ্যারেস্ট’ দেখানোর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার বিকেলে অভয়নগর বাজার ও আশপাশের এলাকায় জনির সমর্থক ও ভক্তবৃন্দ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মিছিলটি অভয়নগর বাজার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা “মিথ্যা মামলা মানি না, জনিকে মুক্তি দাও, নির্দোষ মানুষকে হয়রানি বন্ধ কর, এমন নানা স্লোগান দিতে থাকে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসাদুজ্জামান জনির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধ প্রমাণ না থাকলেও তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার করে শো অ্যারেস্ট দেখানো হয়েছে। বক্তারা বলেন, জনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
জনির এক সমর্থক বলেন, আইনের নামে নির্দোষ মানুষকে হয়রানি করা হলে আমরা চুপ থাকব না। জনির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
আরেক বক্তা দাবি করেন, এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অন্যায় নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠরোধের অপচেষ্টা। সমাবেশ থেকে অবিলম্বে জনির নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে জানা গেছে।
জনির শো অ্যারেস্টকে কেন্দ্র করে অভয়নগরের রাজনীতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সুষ্ঠু সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।