নিজস্ব প্রতিবেদক
অভয়নগরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মহাকাল গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন মহাকাল গ্রামের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলী খানের ছেলে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার একটি বিশেষ দল আলমগীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এলাকাবাসী জানান, অভয়নগরে দীর্ঘদিন ধরেই মাদক কারবার সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে সমাজ থেকে মাদকের ভয়াল থাবা দূর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।