আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার শাখালিন দ্বীপে এক বিরল ও চমকপ্রদ প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৬ জানুয়ারি) একই সময়ে আকাশে দুটি সূর্যের মতো আলোর প্রতিফলন দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
স্থানীয় গণমাধ্যম ও আবহাওয়াবিদদের তথ্যে জানা গেছে, আকাশে দেখা যাওয়া দুটি বস্তু আসলে দুটি সূর্য নয়। এটি একটি পরিচিত কিন্তু বিরল বায়ুমণ্ডলীয় আলোকীয় ঘটনা, যা বৈজ্ঞানিকভাবে ‘সান ডগ’ বা ‘প্যারহেলিয়ন’ নামে পরিচিত।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, তীব্র শীতের সময় বাতাসে ভাসমান ক্ষুদ্র বরফকণা সূর্যের আলো প্রতিফলিত করে। এই প্রতিফলনের কারণে সূর্যের দুই পাশে উজ্জ্বল আলোর বিন্দু তৈরি হয়, যা দূর থেকে দ্বিতীয় সূর্যের মতো দেখা যায়।
ঘটনার দিন শাখালিন দ্বীপে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও কমে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এই ধরনের তীব্র শীত উপরের বায়ুমণ্ডলে বরফকণা সৃষ্টির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, যা ‘সান ডগ’ ঘটনার প্রধান কারণ।
স্থানীয় বাসিন্দারা দৃশ্যটিকে ‘জাদুকরী’ ও ‘অন্য জগতের মতো’ বলে বর্ণনা করেছেন। অনেকেই বলেন, চরম শীতের মধ্যেও প্রকৃতি কখনো কখনো এমন দৃশ্য উপহার দেয়, যা মানুষকে বিস্ময়ে ভরিয়ে দেয়।
বিজ্ঞানীরা জোর দিয়ে জানিয়েছেন, এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং একটি স্বাভাবিক আলোকীয় বিভ্রম। তবে বিরল হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি বিস্ময়কর বলেই মনে হয়।