
নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া ওভারব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও ভাষানটেক সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন (২৫)।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মনসুর আলী জানান, শনিরআখড়া ওভারব্রিজের নিচে একটি দ্রুতগতির মুরগিবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং আরোহী দুজন রাস্তায় ছিটকে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খাইরুল হোসেন কামরুলকে মৃত ঘোষণা করেন। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদ ইয়াসিনেরও মৃত্যু হয়।নিহত খাইরুলের ভগ্নিপতি মোহাম্মদ মোহসিন জানান, খাইরুল ও ইয়াসিন লক্ষ্মীপুর জেলার একটি বিয়ের দাওয়াতে মোটরসাইকেলে করে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথেই যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।খাইরুল হোসেন কামরুল তার পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। অন্যদিকে নিহত ইয়াসিনও ভাষানটেক এলাকায় ভাড়াবাসায় থাকতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।