
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বস্তরে দুর্নীতির টুটি চেপে ধরা হবে এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে খাল খনন কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণাও দেন তিনি।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “দেশের মানুষ এখন রাজনৈতিক অধিকার ও প্রকৃত পরিবর্তন চায়। শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উপকার হবে না। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করবো। পাশাপাশি চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এর আগে সকাল ১০টার দিকে জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হলে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পোলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন। ফলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে সমবেত হন।
‘ভোট দিব কিসে,ধানের শীষে’, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’,এমন নানা স্লোগানে মুখরিত হয়ে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজীর দেউড়ি ও লালখান বাজারসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে সমাবেশে অংশ নেন।