নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি রাজনৈতিক দলের দুই ব্যক্তিকে পৃথকভাবে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে ঝিকরগাছাবাসী ও রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইউএনও বলেন, তিনি আশা করেছিলেন ঝিকরগাছার রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন এবং আইন প্রয়োগের প্রয়োজনীয়তা কমে আসবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি।
ইউএনও লিখেছেন, গতকাল ও আজ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’দলের দুজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আমি মর্মাহত। কারণ, আমি চেয়েছিলাম আপনারা আচরণবিধি মেনে চলবেন এবং আমাদের আইন প্রয়োগের জায়গা সংকুচিত করে দেবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এটাই যেন শেষ ঘটনা হয়। সবাই নিজ দায়িত্বে ত্রুটিগুলো সংশোধন করবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে, জানতাম না, আগেও ছিল’ বা ‘না বুঝে করেছি, এ ধরনের অজুহাত না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান
পোস্টে ইউএনও আরও বলেন, দল, মত বা পথের আগে সবাই ঝিকরগাছার মানুষ। নির্বাচনী প্রচারণায় একে অপরকে টেক্কা দিতে গিয়ে যেন আইন ও শালীনতার সীমা অতিক্রম না করা হয়।
তিনি উল্লেখ করেন, একটি দলের প্রচারণা যদি ইউনিক হয়, তাহলে অন্য দল আরও গ্রহণযোগ্য ও আইনসম্মত উপায়ে নিজেকে ডাবল ইউনিক করতে পারে। বুদ্ধিবৃত্তিক ও ইতিবাচক উপায়ে নিজেকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলুন।
পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব ঝিকরগাছার সাধারণ মানুষের ওপরই পড়বে বলেও সতর্ক করেন তিনি।
সহনশীল আচরণের আহ্বান
সবশেষে ঝিকরগাছার রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের প্রতি সহনশীল, যৌক্তিক ও গ্রহণযোগ্য আচরণ বজায় রাখার জন্য বিনীত অনুরোধ জানান ইউএনও।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতায়, আপনাদের ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।