নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই—এমন দাবিকে কেন্দ্র করে যেসব বক্তব্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা মিডিয়ার বরাতে যে দাবি তুলেছেন, তার পক্ষে ন্যূনতম কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এমন কোনো তথ্যের বাস্তবতা বা সত্যতা নেই বলেই তিনি প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন।
মাহদী আমিন বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টির একটি রাজনৈতিক অপকৌশল। বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন হচ্ছে, সবার আগে বাংলাদেশ’। দেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা ও জাতীয় স্বার্থই বিএনপির রাজনীতির মূল ভিত্তি।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে তিনি বলেন, এসব কার্ড দেওয়ার নামে কোথাও টাকা দাবি করা হলে তা সম্পূর্ণ প্রতারণা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ও রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কোনো অসাধু কর্মকাণ্ড নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাতেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেওয়ার পর পোলগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি