জেলা প্রতিনিধি | শরীয়তপুর
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহানের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে অব্যাহতির দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এসপির ঘনিষ্ঠ আত্মীয় বিএনপির প্রার্থী হওয়ায় এবং স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই এ আবেদন করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি (১১ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার বকাউল কান্দি এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মিলন নামের এক ব্যক্তি নির্বাচন কমিশনে লিখিত আবেদন জমা দেন। একই সঙ্গে আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ একাধিক নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানের আপন চাচা আবু তাহের তালুকদার নেত্রকোনা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। পুলিশ সুপার একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তিনি নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করা হয়।এছাড়া আবেদনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় পুলিশ প্রশাসন জামায়াতপন্থি সমর্থকদের টার্গেট করে আগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করলেও বিতর্কিত আওয়ামী লীগ সমর্থকদের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করছে। এমনকি কিছু আওয়ামী লীগ নেতা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগে দাবি করা হয়।আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, নির্বাচনের সময় যারা জামায়াতের হয়ে কাজ করতে আসে, তাদের আগের মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের বিতর্কিত লোকেরা এখন বিএনপির সঙ্গে মিলে অপকর্ম করলেও পুলিশ তাদের ধরছে না। এতে স্পষ্ট বোঝা যায়, পুলিশ একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তিনি আরও বলেন, থানাগুলো থেকেও তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তবে বিএনপির লোকজন থানায় গিয়ে তালিকা দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করতেই তারা আবেদন জানিয়েছেন বলে জানান মিলন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন,এ ধরনের কোনো অভিযোগের কথা আমার জানা নেই। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন,আমি এখনো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”