
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পদের চিত্রে চোখ কপালে ওঠার মতো তথ্য উঠে এসেছে। স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে এবার সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জন। এর মধ্যে শতকোটির বেশি সম্পদের মালিক রয়েছেন ২৭ জন প্রার্থী। এই তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (আজ) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির মূল তথ্য উপস্থাপন করেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, যিনি প্রার্থীদের সম্পদ বৃদ্ধির ধারা, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা এবং নির্বাচনী ব্যবস্থায় জবাবদিহির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা প্রায় ২ হাজার। তাদের মধ্যে একটি বড় অংশই বিপুল পরিমাণ সম্পদের মালিক, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ সংক্রান্ত এই তথ্য ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।