
ঢাকা অফিস
সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
যুদ্ধবিধস্ত সুদানে কয়েক বছর ধরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
আফ্রিকার দেশটিতে গত দুই বছর ধরে সরকারের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ ) নামের সশস্ত্র একটি গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে।
উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত ‘আবেই’ একটি সংঘাতপ্রবণ অঞ্চল। উভয় দেশ এ অঞ্চলের মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়ই সংঘাত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এখানে জাতিসংঘ মিশনে কাজ করছে।