
নিজস্ব প্রতিবেদক
লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার আরও জোরদার করা এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সভায় রুটিন আলোচনার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে একটি ছোট পরিসরের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাদির ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আশা প্রকাশ করেন, এ ক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে। তিনি আরও বলেন, হাদির ওপর হামলার পেছনে রয়েছে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র সরকার কঠোর হাতে দমন করবে।
প্রার্থীদের অস্ত্র লাইসেন্সে ছাড়
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছেন, প্রয়োজন অনুযায়ী তাদের অস্ত্র ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হবে।
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। প্রয়োজন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।