
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জননেতা ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় যশোর-খুলনা মহাসড়কে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান মুন্সী, সরোয়ার রহমান ফারাজী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মারুফুর রহমান ফারাজী, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী খান, সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং চলিশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুর জালালসহ অন্যরা। বক্তারা বলেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী রাজনীতিক। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। এজন্য তাকে একাধিকবার কারাবরণ ও হামলার শিকার হতে হয়েছে। তাদের বক্তব্য, তার নেতৃত্বে ৮৮ যশোর-৪ আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে মনোনয়ন না দিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, ৮৮ যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে ফারাজী মতিয়ার রহমানকে প্রার্থী করা হলে ধানের শীষের জয় নিশ্চিত হবে।