
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির নাম ডা. উমর মোহাম্মদ। পুলওয়ামায় জন্মগ্রহণকারী এই চিকিৎসকই বিস্ফোরকবোঝাই সাদা হুন্দাই আই২০ গাড়িটির মালিক ছিলেন। এই হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ২০ জন আহত হন। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আল ফালাহ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন উমর। তার সহযোগী ডা. আদিল আহমেদ রাঠের ও ডা. মুজাম্মিল শাকিলকে সোমবার জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ দল বিস্ফোরক দ্রব্য রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।
সূত্র জানায়, নিজের সহযোগীদের গ্রেফতারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান ড. উমর এবং আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটান। তার আরও দুই সহযোগীর সঙ্গে এই আক্রমণের পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেন তিনি।
তদন্তে সিসিটিভি ভিডিওতে দেখা যায়, উমরের গাড়িটি দুর্গের কাছে পার্কিং লটে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। গাড়িটি বিকেল ৩টা ১৯ মিনিটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়। সূত্র জানিয়েছে, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই আই২০ গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন। এই ভিডিওতে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী গাড়িটি পার্ক করার সময় এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে বের হয়নি। ধারণা করা হচ্ছে, সে হয় কারও জন্য অপেক্ষা করছিল অথবা পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয় এবং শেষ পর্যন্ত উমরের কাছে পৌঁছায়। এদিকে, ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।